পাঁচবিবিতে কষ্টিপাথরের ৩টি মূর্তি উদ্ধার, আটক ২
মোঃ আজাদ আলী, জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের উদ্দেশ্যে সংগ্রহ করা কষ্টিপাথরের তিনটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিগুলোর মোট ওজন ৮৯ কেজি ১০০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য ৮৯ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ অক্টোবর রাত ১টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ধুরইল গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন ও পাঁচবিবি থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে তিনটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধুরইল গ্রামের সন্তোষ মাহাত (৩৫) এবং পূর্ব বালিঘাটা গ্রামের সুজন চন্দ্র রায়কে (৩৪) আটক করা হয়।
উদ্ধার করা মূর্তিগুলো ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহারে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।