শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

১ হাজার গোলের আরও কাছে রোনালদো

৪১ বছর বয়সেও একের পর এক গোল করে ক্যারিয়ারের ১ হাজারতম গোলের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ১১তম ম্যাচে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ ব্যবধানের জয়ে লক্ষ্যভেদ করে নিজের অফিশিয়াল ক্যারিয়ারের গোলসংখ্যাকে ৯৮২-তে নিয়ে গেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে আল-মাজমাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের ৪৯তম মিনিটে স্বদেশী জোয়াও ফেলিক্সের ফ্রি-কিক থেকে চমৎকার হেডে দলের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। এর আগে চতুর্থ মিনিটে আব্দুল্লাহ আল হামদানের গোলে এগিয়ে যায় আল নাসর এবং পরে ৭৯ মিনিটে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলে জয় সুনিশ্চিত হয়। আল ফয়সালির হয়ে একমাত্র গোলটি করেন বংগোন্ডা।

ম্যাচ জুড়ে দুর্দান্ত নৈপুণ্যের সৌজন্যে কর্তৃপক্ষ রোনালদোকেই ‘ম্যাচসেরা’ হিসেবে নির্বাচিত করে। তবে পর্তুগিজ তারকা নিজে সেই পুরস্কার না নিয়ে সতীর্থ আল হামদানের হাতে তা তুলে দেন, যিনি নিজে একটি গোল করার পাশাপাশি অন্য একটি গোলে অ্যাসিস্ট করেন। ম্যাচ শেষে ডেকে নিয়ে পোডিয়ামের সামনে আল হামদানের হাতে পুরস্কার তুলে দিয়ে একসঙ্গে ছবিও তোলেন রোনালদো, যা ক্রীড়ামোদীদের মাঝে প্রশংসিত হচ্ছে।

এই গোলের পর রোনালদোর অফিসিয়াল গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮২-তে। ক্লাব ফুটবলে ১ হাজার ১০৯ ম্যাচে ৮৩৬টি এবং পর্তুগাল জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬টি গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে সর্বোচ্চ ৪৫০টি, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫টি, আল নাসরে ১৩৪টি, জুভেন্টাসে ১০১টি এবং স্পোর্টিং লিসবনে ৫টি গোল রয়েছে তার।

চলতি মৌসুমে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা ৬। এর মধ্যে সৌদি প্রো লিগে ৫টি এবং এশিয়ান চ্যাম্পিয়নস লিগে ১টি। ক্যারিয়ারে ১ হাজার অফিশিয়াল গোলের মাইলফলক ছুঁতে এখন তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল।

ক্যাটাগরি