ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান ছাত্রনেতা আবু হানিফ, জমা দিলেন সিভি
মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন মো. আবু হানিফ। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিজের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন।
গত ২১ অক্টোবর নানিয়ারচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেনের কাছে সিভি জমা দেন আবু হানিফ। ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা থেকেই তিনি এ উদ্যোগ নিয়েছেন।
আবু হানিফ ২০১২ সাল থেকে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনীতির শুরুতে তিনি ওয়ার্ড কমিটির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ওয়ার্ড কমিটির আহ্বায়ক হন। ২০২০ সালে নানিয়ারচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হন তিনি।
আবু হানিফের পরিবারের সদস্যরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা বাহার সর্দার বিএনপির একজন কর্মী। বড় ভাই মো. জয়নাল আবেদীন উপজেলা ছাত্রদলের পূর্বের কমিটিতে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ওয়ার্ড তাঁতিদলের সভাপতিও ছিলেন। পরিবারের অন্য সদস্যরাও ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
মেম্বার পদে নির্বাচন করার আগ্রহের বিষয়ে আবু হানিফ জানান, এলাকার মানুষের পাশে থেকে জনসেবা ও স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। ওয়ার্ডের মানুষের সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যাশা তার। অতীতের দুর্নীতি ও অনিয়মের পরিবর্তে স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান বলেও জানান তিনি।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই তরুণ ছাত্রনেতা।
উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নানিয়ারচরের স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি ও আগ্রহ দেখা যাচ্ছে।