যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহযোগিতা চায় বাংলাদেশ
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি ওয়াশিংটনের কাছ থেকে আরও অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা করছে বাংলাদেশ।
বুধবার (১৪ অক্টোবর) ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহায়তা পাওয়া যায়নি। তবে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে এখন আরও সহযোগিতা আশা করছে সরকার।
অর্থমন্ত্রী আমির খসরু বলেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি ঋণ ব্যবস্থাপনা ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে।
অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ তেমন সহায়তা পায়নি। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতি হওয়ায় বাংলাদেশের জন্য আরও সহযোগিতা পাওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।