টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে দক্ষিণ মিঠাছড়ির সিএনজি চালকের মৃত্যু : নারীসহ আহত ৫
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনায়েত উল্লাহ (চেইন্দা) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ আরও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চালক এনায়েত উল্লাহকে পালংখালী তাজমান হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত পাঁচজনকে চাকমারকুলের সেভ দ্য চিলড্রেন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।