কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাগমনিরাম ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
চট্টগ্রাম, ৮ অক্টোবর ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, মশার প্রজননস্থল ধ্বংস এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী তাউসিফ সুলতান রাফির সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ ইলিয়াছ এবং ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি আমজাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশন বা সরকারি সংস্থার ওপর নির্ভর না করে জনগণকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তারা।
নেতৃবৃন্দ ডেঙ্গুর বিস্তার রোধে নগরীর প্রতিটি এলাকায় নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।