মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

শিক্ষা ও গবেষণায় চবি আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে -চবি উপাচার্য

এম সোলাইমান কাসেমী :: চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের-এর বিদায় ও প্রাক্তন শিক্ষকমণ্ডলির সম্মাননা প্রদান অনুষ্ঠান ১৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. মঙ্গলবার, সকাল ১১টায় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে চবি আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার-এর সভাপতিত্বে ও প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের একজন বহুমাত্রিক লেখক, গবেষক ও শিক্ষক। শিক্ষা ও শিক্ষাদান পদ্ধতি তাঁর আগ্রহ ও মূল গবেষণার বিষয় হলেও তিনি ধর্ম, সাহিত্য, সমাজ, সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিচরণ করেন সহজে, অনায়াসে।

“একজন শিক্ষক কখনো অবসর নেন না; তাঁর জ্ঞান, আদর্শ ও শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চিরস্মরণীয়।” তিনি বলেন, আরবি ভাষা ও ইসলামি জ্ঞানচর্চার প্রসারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষকরা দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁদের নিষ্ঠা, মেধা ও আন্তরিক প্রচেষ্টায় অসংখ্য শিক্ষার্থী জ্ঞান ও নৈতিকতার আলোয় আলোকিত হয়েছে।

উপাচার্য আরও বলেন, প্রাক্তন শিক্ষকদের অভিজ্ঞতা ও পরামর্শ বর্তমান প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মূল্যবান সম্পদ। তাঁদের সম্মাননা জানানো শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং তাঁদের দীর্ঘদিনের অবদান ও ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মহৎ উদ্যোগ। তিনি সম্মানিত প্রাক্তন শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এবং আরবি বিভাগের শিক্ষা, গবেষণা ও একাডেমিক উৎকর্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে-এর সাবেক উপাচার্য প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। সংবর্ধেয় অতিথির বক্তব্য রাখেন প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদের, প্রফেসর ড. বদরুদ্দোজা ও প্রফেসর ড. আ ফ ম আমিনুল হক।

বক্তব্য রাখেন প্রফেসর ড. আহসান সাইয়েদ, প্রফেসর ড. আ স ম আব্দুল মান্নান, প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছ, প্রফেসর ড. মমতাজ উদ্দিন কাদেরী, প্রফেসর ড. আহমদ আলী, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. মঈন উদ্দীন আযহারী, প্রফেসর ড. সোলাইমান, ড. মাহমুদুল হাসান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরবি বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষকবৃন্দ, গবেষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রফেসর ড. আ. ক. ম. আবদুল কাদেরকে বিদায় সংবর্ধনা এবং আরবি বিভাগের প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

ক্যাটাগরি