শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

সিএনজি-বাইক সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থী সানুচিংয়ের মর্মান্তিক বিদায়

হাবিবুর রশিদ হিমন, বান্দরবান জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সানুচিং তঞ্চঙ্গ্যা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বালুখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম নেওয়ার পথে একই দিন রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সানুচিং তঞ্চঙ্গ্যা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু গর্জন বনিয়া এলাকার কান্তজা তঞ্চঙ্গ্যার মেয়ে। তিনি নাইক্ষ্যংছড়ি হাজী এম.এ ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে সানুচিং তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বালুখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সানুচিং ও তার বন্ধু গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে সানুচিংয়ের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথেই রাত আনুমানিক ৯টার দিকে সানুচিং শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার এই অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাটাগরি