খুটাখালী নয়াপাড়ায় বাস ও জিটু গাড়ির সংঘর্ষে নিহত-৪
সেলিম উদ্দিন, কক্সবাজার।
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী লাল-সবুজ পরিবহন সার্ভিস বাস ও জিটু গাড়ির সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো পাঁচজন যাত্রী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন নয়াপাড়া নতুন মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার খুটাখালী ইউনিয়ন সেগুন বাগিচা এলাকার বাসিন্দা মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ঈদগাঁও উপজেলার পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাসেমের ছেলে মো. রফিক (২৯), খুটাখালী ইউনিয়নের সিয়াপাড়া এলাকার মৃত মন্জুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ও ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আমিনুল হকের ছেলে জিয়াবুল হক (২৫)।
আহতরা হলেন- ঈদগাঁও উপজেলার নতুন অফিস এলাকার আব্দুস সামাদের ছেলে জিয়াবুল হক (৪০), নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে মো. সরোয়ার (১৯), নাপিতখালী এলাকার আলী মিয়ার ছেলে সৈয়দ আলম (৫০), চকরিয়া উপজেলার মেধাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে দেলোয়ার হোসেন (৩৫), ও টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার রহমত করিমের ছেলে সৈয়দ করিম (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার অভিমুখী বেপরোয়া গতির লাল-সবুজ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই একটি লোকাল (জিটু) গাড়িকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় জিপ গাড়িটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। জিটু গাড়িতে থাকা ৯ জন যাত্রী আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পর খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে উদ্ধার কাজ শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল এবং কক্সবাজার সদর পাঠানো হয়। এদের মধ্যে ৪ জন নিহত। এছাড়া ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে মালুমঘাট হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সামছুজ্জামান বলেন, লাল-সবুজ পরিবহনের অতিরিক্ত গতির একটি বাস ও বিপরীতমুখী জিপ গাড়ির সংঘর্ষ হয়। এ দুর্ঘটনা ৪ জন নিহত হয়েছেন। পাঁচ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।