লংগদুতে ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক
অহিদুল ইসলাম অভি,রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টা পাড়ায় শারীরিক ও মানসিকভাবে অসুস্থ এক নারীকে ছুরি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাইট্টা পাড়া বাজারের আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক দুই যুবক হলেন—বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী ওই নারী (৩৫) চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, সোমবার রাত ৮টার দিকে অভিযুক্ত দুই যুবক তার গলায় ছুরি ধরে ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে ইসমাইলের বাড়িতে নিয়ে যান। সেখানে তার মুখ চেপে ধরে দুইজন মিলে জোরপূর্বক ধর্ষণ করেন।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় কয়েকজন বাসিন্দা ইসমাইলের বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা খুলে ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যান স্থানীয়রা।
খবর পেয়ে লংগদু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী নারীর অভিযোগের সত্যতা যাচাইসহ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।