বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এক্সক্লুসিভ

রাঙামাটিতে বিশেষ অভিযানে ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও চোরাই মোটরসাইকেল

অহিদুল ইসলাম অভি জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক আসামিসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ। অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাঙামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল পৌরসভার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন ১৪টি মামলার পলাতক আসামি কাজী আশরাফুল আজম ওরফে দিপু (৪০)। এছাড়া গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন মো. কামরুল হাসান (৪০), মো. শরীফ (২১), আরিফুল্লাহ আসিফ (২৪), আরিফ (২৭), রয়েল বড়ুয়া (৩২), শামসুল আলম (৪০) এবং মো. ফয়সাল মান্নান আরিফ (২৩)।

পুলিশ বলছে, অভিযানের সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
কোতয়ালী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এরই মধ্যে মো. ফয়সাল মান্নান আরিফকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

রাঙামাটি জেলা পুলিশের দাবি, মাদক, চুরি, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদার করার কথাও জানিয়েছে সংস্থাটি।

বর্তমানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধার হওয়া আলামত সংশ্লিষ্ট মামলার কার্যক্রমের অংশ হিসেবে সংরক্ষণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ক্যাটাগরি