বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক

সৌদির রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, দুই ক্ষেপণাস্ত্র ভূপাতিত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রিয়াদের বিভিন্ন এলাকা ঘরবাড়ি কেঁপে উঠেছে বলে ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবে চলমান হামলার মাঝে বুধবার রিয়াদে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, বুধবার সৌদির আকাশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সৌদি আরবের সামরিক, বেসামরিক ও তেল অবকাঠামো লক্ষ্য করে হুথিদের চালানো গত কয়েক সপ্তাহের ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

রিয়াদের বাসিন্দারা বলেছেন, বুধবারের এই বিস্ফোরণের আগে কোনো ধরনের পূর্ব সতর্কবার্তা দেয়নি কর্তৃপক্ষ। বিমান হামলার হুমকির সময় সাধারণত যেভাবে মোবাইল ফোনে সতর্কতা জারি করা হয়, এবার তা করা হয়নি।

রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা বলেন, ‌‌বিস্ফোরণটি অত্যন্ত শক্তিশালী ছিল। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই বিস্ফোরণের শব্দ শোনা অত্যন্ত ভীতিকর। এএফপির এক সাংবাদিক বলেছেন, বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে তার বাড়ির সব দরজা একসঙ্গে খুলে যায় এবং মুহূর্তের জন্য আলো নিভে গিয়েছিল।

বিস্ফোরণটি ঠিক কোথায় হয়েছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা এএফপিকে বলেছেন, তারা নগরীর উত্তর-পূর্বাঞ্চলের রিয়াদ বিমানবন্দরের কাছাকাছি ধোঁয়া উড়তে দেখেছেন।

গত অক্টোবরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো এক প্রাণঘাতী হামলায় ১৪ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছিলেন। এই হামলার পর দুই সপ্তাহের জন্য ফ্লাইট চলাচল স্থগিত রাখতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ।

এর মাত্র কয়েক মিনিট পর হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রিয়াদ অঞ্চলের দিকে হুথিদের ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

এর আগে, একই অঞ্চলের দিকে ধেয়ে আসা আরেকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছিল সৌদি জোট। সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বলেছে, তারা ইয়েমেন সীমান্তের কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান এবং খামিস মুশাইত অঞ্চলে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় করেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিদের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন জুগিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন এই জোট এবং গত জুলাইয়ে শত্রুতা নতুন করে শুরু হওয়ার পর থেকে তারা তীব্র হামলার মুখে পড়েছে। বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ইয়েমেনের দীর্ঘস্থায়ী এই গৃহযুদ্ধ ২০২২ সালে একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নিষ্ক্রিয় ছিল। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর ব্যাপক ভূখণ্ড দখল করে হুথিরা এখন সরকারের অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের কাছাকাছি পৌঁছে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গ্রীষ্মকাল থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৩ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: এএফপি।

ক্যাটাগরি