এসআরবি ফোর্সের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ
এসআরবি ফোর্সের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। রোববার (৮ নভেম্বর ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন।
বাংলাদেশ পুলিশের বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে ১৭তম বিসিএস ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র্যাব ফোর্সেস সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেন।
ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
দায়িত্ব গ্রহণের পর আয়োজিত স্বাগত দরবারে তিনি এসআরবি ফোর্সের সদস্যদের জনকল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি বাংলাদেশের জননিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় এসআরবি ফোর্সকে একটি রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।