ঢাকা ও চট্টগ্রামে গাইবেন বলিউড ও ইন্ডি-পপ গায়ক লাকি আলী
বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। ২০২৩ সালে বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন এই শিল্পী।
সেই সময় নিজের শ্রোতাপ্রিয় গানগুলো দিয়ে মাতিয়ে তুলেছিলেন ঢাকার দর্শকদের।
নতুন খবর হচ্ছে- তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন লাকি আলী।
তবে এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামের কনসার্টেও গান শোনাবেন তিনি।
জানা গেছে, ‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই কনসার্ট আয়োজন করছে ইকিউব এন্টারটেইনমেন্ট।
লজিস্টিক পার্টনার হিসেবে আছে ঢাকা ব্রডকাস্ট।
আয়োজক প্রতিষ্ঠান ইকিউব জানিয়েছে, ১২ নভেম্বর চট্টগ্রামের একটি হোটেলে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি অ্যাভিনিউয়ের একটি ভেন্যুতে গান শোনাবেন লাকি আলী।
আয়োজকেরা জানিয়েছেন, ইতোমধ্যেই ঢাকার কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ চট্টগ্রামের কনসার্টের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রামের দুই ভেন্যুতেই লাকি আলীর সঙ্গে বাংলাদেশের একাধিক ব্যান্ড পারফর্ম করবে। সেই তালিকাও প্রকাশ করা হবে আজ।
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে ইকিউবের ওয়েবসাইটে। মোট তিন ক্যাটাগরিতে এই টিকিট বিক্রি হচ্ছে।
মূলত নব্বইয়ের দশকের ইন্ডি-পপ ও বলিউডের মেলোডি গানে নিজস্ব ও স্বতন্ত্র ধারা তৈরি করেছিলেন লাকি আলী। ১৯৯৬ সালে তার প্রথম একক অ্যালবাম ‘সুনো’ প্রকাশিত হয়। এ অ্যালবামের ‘ও সানাম’ গানটি তাকে তারকাখ্যাতি এনে দেয়।
বলিউডের প্লেব্যাকেও তিনি ছিলেন সমান সফল। ‘এক পল কা জিনা’, ‘না তুম জানো না হাম’, ‘আ ভি জা’, ‘জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়’, ‘আহিস্তা’, ‘সফরনামা’র মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। তবে ২০১৫ সালের পর প্লেব্যাক থেকে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়ে স্বাধীন সংগীতে মনোযোগী হন লাকি আলী।