তারাকান্দায় কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের
ময়মনসিংহের তারাকান্দায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির কাভার্ডভ্যানের চাপায় প্রাণ হারিয়েছে দুই শিশু বোন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই এলাকার মুখলেছুর রহমানের মেয়ে আরপিয়া (৮) ও রাবেয়া খাতুন (৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মাদ্রাসা থেকে মায়ের হাত ধরে বাড়ি ফিরছিল দুই বোন। তাদের সঙ্গে ছিলেন গৃহকর্মী মা ফাতেমা খাতুন।
তালদিঘি পশ্চিমপাড়া এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনা স্থলেই দুই শিশুর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মায়ের চোখের সামনে দুই সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল হক জানান, সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।