ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকিতে ফেলেছে: ওবামা
ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র আরও ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
তার দাবি, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হয়েছে, প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিক এবং ক্ষেপণাস্ত্রের মজুতও কমে গেছে।
৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার কাছে মরো শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ওবামা।
সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া যুক্তির সমালোচনা করেন।ওবামা বলেন, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। ২০১৫ সালে তার প্রশাসনের সঙ্গে তেহরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
ওবামা বলেন, আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথ বেছে নিয়েছিলাম। যুদ্ধের ক্ষয়ক্ষতি তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। অনেক মার্কিন নাগরিক নিহত হয়েছেন এবং শত শত মানুষ আহত হয়েছেন।
তিনি আরও বলেন, আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর হরমুজ প্রণালির ওপর ইরান এখন কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা অর্জন করেছে।ওবামার ভাষ্য, এ কারণেই তেলের দাম বেড়েছে।
সূত্র: আল-জাজিরা