বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাধুলা

শেষ ১০ মিনিটে ৩ গোল, নাটকীয় ম্যাচে হার এড়ালেন মেসিরা

ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাতির ম্যাচ ৬০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য সমতায়। এরপর লিওনেল মেসির দল এগিয়ে গেলেও লিড বেশিক্ষণ টেকেনি। নাটকীয় ম্যাচের শেষ ১০ মিনিটে হয়েছে ৩ গোল। ৯০ মিনিটে করা শেষ গোলটির সুবাদে মায়ামি হার এড়িয়েছে। ম্যাচ শেষ হয়েছে ২-২ সমতায়।

স্পেনে রাজপরিবারের কাছ থেকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ নিয়ে এসে দ্বিতীয় ম্যাচে নেমেছিলেন মেসি। প্রথম ম্যাচে ভ্রমণক্লান্তিতে থাকা আর্জেন্টাইন মহাতারকা নেমেছিলেন দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে। গোল-অ্যাসিস্টশূন্য সেদিন নিউইয়র্ক রেড বুলস ২-০ গোলে হারায় মায়ামিকে। আর আজকের (বৃহস্পতিবার) ম্যাচেও মেসি গোল-অ্যাসিস্ট পাননি, জয় পায়নি দলও।

৬১ মিনিটে ম্যাচের ডেডলক ভেঙে মায়ামিকে লিড এনে দেন লুইস সুয়ারেজ। কিন্তু সেটাই তাদের জন্য যথেষ্ট ছিল না। ৮০ মিনিটে সেই গোল শোধ করে সিনসিনাতিকে ম্যাচে ফেরান কেনজি এমবোমা ডেম। মিনিট ছয়েকের মাথায় মায়ামিকে স্তব্ধ করে দিয়ে তারা লিডও পেয়ে যায়। এবার স্কোরশিটে নাম তোলেন স্যামুয়েল গিডি। তবে নাটকীয়তা বাকি ছিল।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০) রিকুয়েলমে ফিলিপ্পি বক্সের বাঁ প্রান্ত দিয়ে দূরের পোস্টে বাঁকানো শটে জালে জড়ান। প্রায় একই জায়গা দিয়ে গোল দিয়েছিলেন সুয়ারেজও। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের প্রথম গোলেই ফিলিপ্পি মায়ামির হার এড়ালেন।

ক্যাটাগরি