চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত
চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলের (সিআইএস) সায়েন্স ফেয়ার-২০২৬ ১৫ অক্টোবর বৃহস্পতিবার স্কুল অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্লে গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত ক্যামব্রিজ ও জাতীয় শিক্ষাক্রমের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ বিজ্ঞানমেলায় প্রায় ৩০টি সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করা হয়।
প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে ছিল এক্সপ্লোর মাই ফাইভ সেন্সেস, স্মার্ট ডিসিশন ফর আ সেফার জার্নি, ডে অ্যান্ড নাইট, সোলার সিস্টেম, ফিজিক্স অব ম্যাটার, সেভ দ্য এনভায়রনমেন্ট, ইউসফুল প্রোডাক্টস অবটেইন্ড ফ্রম প্ল্যান্টস, স্টপ গ্লোবাল ওয়ার্মিং, স্মার্ট উইমেন সেফটি মডেল, রিনিউএবল অ্যান্ড নন-রিনিউএবল এনার্জি থ্রিডি মডেল, আর্টিফিশিয়াল ব্রেইন, ইউটিলাইজেশন অব সানলাইট টু রিডিউস ইলেকট্রিসিটি কনজাম্পশন, হাইড্রোলিক ব্রিজ, রোবট ওয়ার্কিং মডেল উইথ কার্ডবোর্ড, কেমিক্যাল রিঅ্যাকশন: কালার চেঞ্জ এবং ইলেকট্রিসিটি জেনারেশন ইউজিং আ ম্যাগনেট।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রেজাউল আজিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্কুলের জয়েন্ট সেক্রেটারি ও একাডেমিক অ্যাডভাইজার অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। শিক্ষার্থীদের উপস্থাপিত প্রকল্পগুলো অতিথিদের মুগ্ধ করে। তাঁরা ক্ষুদে বিজ্ঞানীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভবিষ্যতে এগিয়ে যেতে তাঁদের উৎসাহিত করেন।
বিজ্ঞানমেলার কনভেনর ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষিকা মিসেস সুফিয়া বেগম এবং কো-কনভেনর ছিলেন সিনিয়র শিক্ষিকা মিসেস ফাতেমাতুজ জোহরা পুষ্প। সায়েন্স ফেয়ার কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। স্কুলের প্রিন্সিপাল প্রফেসর মো. আবুল হাসানের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।